ভারতের ব্যাডমিন্টন দুনিয়ার একসময়ের জনপ্রিয় জুটি সাইনা নেহওয়াল ও পারুপল্লি কাশ্যপ এবার বিচ্ছেদের পথে। ১৩ জুলাই, রবিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি আবেগঘন বার্তা পোস্ট করে এই খবর নিজেই শেয়ার করেন অলিম্পিক পদকজয়ী সাইনা। সেখানে তিনি লেখেন, “কখনও কখনও জীবন আমাদের এমন পথ দেখায়, যেখানে একসঙ্গে চলা আর সম্ভব হয় না। অনেক চিন্তা-ভাবনা এবং কথোপকথনের পর আমি এবং কাশ্যপ আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অতীতের সুন্দর মুহূর্তগুলোর জন্য আমি কৃতজ্ঞ এবং তাঁর আগাম জীবনের জন্য শুভকামনা জানাই। অনুগ্রহ করে আমাদের গোপনীয়তার প্রতি সম্মান জানান এবং আমাদের অনুভূতি বোঝার জন্য ধন্যবাদ।”
সাইনা নেহওয়াল এবং পারুপল্লি কাশ্যপ ১৫ ডিসেম্বর ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের প্রথম পরিচয় ১৯৯৭ সালে একটি ব্যাডমিন্টন ক্যাম্পে। পরবর্তীতে হায়দরাবাদের পুলেলা গোপীচাঁদ অ্যাকাডেমিতে একসঙ্গে প্রশিক্ষণ নিতে গিয়ে তাঁদের বন্ধুত্ব আরও গভীর হয় এবং প্রেমে রূপ নেয়। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর তাঁরা বিয়ে করেন এবং পরদিন, ১৬ ডিসেম্বর, হায়দরাবাদের নভোটেল হোটেলে আয়োজন করা হয় এক রিসেপশন পার্টি। এই অনুষ্ঠানে খেলাজগত ও চলচ্চিত্র জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন, যেমন- কিদাম্বি শ্রীকান্ত, জ্বালা গুট্টা, অশ্বিনী পোনাপ্পা, অভিনেতা নাগার্জুন, রাকুল প্রীত প্রমুখ।
সাইনা নেহওয়াল ভারতীয় ব্যাডমিন্টনে এক ঐতিহাসিক নাম। তিনি ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয় করেন। ২০১৫ সালে তিনি বিশ্বের এক নম্বর মহিলা শাটলার হন, যা ছিল কোনও ভারতীয় মহিলার পক্ষে প্রথমবার। অন্যদিকে, পারুপল্লি কাশ্যপও পুরুষদের ব্যাডমিন্টনে দেশকে গর্বিত করেছেন। ২০১৪ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে সোনার পদক জয় করেন এবং বিশ্ব র্যাংকিংয়ে ছয় নম্বরে পৌঁছন। তিনি ২০১২ সালের অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড়।
এই বিচ্ছেদের খবর সাইনা-কাশ্যপ ভক্তদের মন খারাপ করে দিলেও, তাঁরা দু’জনেই একে অপরের প্রতি সম্মান রেখে পরস্পরের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন। তাঁদের এই সাহসী সিদ্ধান্তে অনেকে পাশে থাকার বার্তা দিয়েছেন সমাজমাধ্যমে।